রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়েছে সংগঠনের প্রতিপক্ষ গ্র"পের কর্মীরা।
সহপাঠিরা জানিয়েছে, প্রেমঘটিত কারণে ফারুক হোসেনকে মারধর করা হয়েছে। তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় তার সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের বাস অবরোধ করে রাখে।
তারা জানায়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের চতুর্থবর্ষের ছাত্র রাশেদুলের সঙ্গে রাজশাহী কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ছাত্রলীগকর্মী সমাজকর্ম বিভাগের ছাত্র মোক্তার হোসেন (সমাজকর্ম) ওই মেয়ের সঙ্গে রাশেদকে মিশতে নিষেধ করেন।
এক পর্যায়ে রাশেদকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়। রাশেদ বিষয়টি তার বন্ধু একই হলের ছাত্রলীগকর্মী ফারুককে জানালে তিনি মোক্তারকে বকাবকি করেন।
এ নিয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে ফারুক ও মোক্তারের মধ্যে হাতাহাতি হয়। রাতেই রাশেদ ছাত্রলীগ কর্মী মোক্তারের কাছে ক্ষমা চান।
কিন্তু সোমবার সকাল ১১টার দিকে ছাত্রলীগকর্মী মোক্তার, শরিফ, মাসুদসহ আরো কয়েকজন ফারুককে ক্যাম্পাসে পিটিয়ে আহত করে।
এ সময় রাশেদ পালিয়ে রক্ষা পায়। তিনি ভয়ে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন বলে তার সহপাঠীরা জানান।
ফারুককে মারধরের প্রতিবাদে তার বন্ধুরা প্রায় আধা ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রাখে।
এ কারণে দুপুর ১২টা ১০ মিনিটের বাস বন্ধ থাকে। পরে প্রক্টরের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে যায়।
প্রক্টর ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, তার কার্যালয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমঝোতা করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত রমজানে ইফতারির টোকেন নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ নাসিমকে হলের দোতলা থেকে নিচে ফেলে দেয় সংগঠনের প্রতিপক্ষ গ্র"পের নেতাকর্মীরা। পরে নাসিমের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.
bdnews24