২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:54 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। এজন্য পিলখানার দরবার হলে স্থাপিত নবগঠিত বিশেষ আদালত- ৯ এ সোমবার সকাল সোয়া ১০টায় কার্যক্রম শুরু হয়েছে। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম। এর আগে গত ১০ অগাস্ট অভিযোগ গঠনের এ তারিখ ধার্য করা হয়। সেদিন আদালতের নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। একই দিন দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনের বিরুদ্ধে ২৪ অক্টোবর (রোববার) অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়। শুনানির নির্ধারিত দিন রোববার দরবার হলে স্থাপিত নবগঠিত বিশেষ আদালত- ১০ মামলার ১৬০ আসামিকে অভিযোগ শোনানোর পর ২৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১০৫২ ঘ.