খাগড়াছড়ি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দুইটি ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের দু'টি পৃথক মামলার বিচার রোববার শুরু হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাটিরাঙ্গার খেদাছড়ার ২৯ রাইফলস ব্যাটালিয়নের ৪৭ জন এবং রামগড়ের ১১ রাইফেলস ব্যাটালিয়নের ৬৯ জন।
সকাল সোয়া ১০টায় খাগড়াছড়ি সেক্টর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এই বিচার কাজ শুরু হয়।
বিচার কার্যক্রমে সভাপতি ছিলেন বাংলাদেশ রাইফেলস চট্টগ্রামের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান।
তাকে সহায়তা করেন চট্টগ্রামের ৫ রাইফেল্স ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুন নুর, ২৮ রাইফেল্স ব্যাটালিয়নের মেজর আ জ ম গোলম মোস্তফা আল-মামুন এবং মো. নজরুল ইসলাম তালুকদার।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন কাজী মো. ইজারুল হক আকন্দ। রাষ্ট্রপক্ষের সহয়তাকারী ছিলেন অ্যাডভোকেট গাজী জিল্লুর রহমান ও মহিউদ্দিন দেওয়ান।
২৯ রাইফেলস ব্যাটালিয়নের বিচার কার্যক্রমে প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম এবং ১১ রাইফেলস ব্যাটালিয়নের বিচার কাজে প্রসিকিউটর ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল গাফফার।
প্রথম অধিবেশনে খেদাছাড়ায় অবস্থিত ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুন্ঠনের অভিযোগ উত্থাপন করেন ব্যাটালিয়নের নায়েক সুবেদার সহকারী মো. আকরাম হোসেন।
একই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম তাকে সমর্থন করেন।
বিচারক অভিযোগ আমলে নিয়ে সোমবার (২৫ অক্টোবর) সকালে অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দেন।
অভিযুক্ত ৪৭ জনের মধ্যে ৪৪ জন খগড়াছড়ি জেলা কারাগারে আটক আছেন। বাকি ৩ জন আছেন খেদাছড়ায় ব্যাটালিয়ন দপ্তরে।
বেলা ১২টায় সকালের অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশন শুরু হয় সাড়ে ১২টায়।
পরের অধিবেশনের শুরুতে রামগড় অবস্থিত ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. হাফিজ আহমেদ।
অভিযোগটি সমর্থন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল গাফফার।
বিচারক অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দেন।
এই ব্যাটালিয়নের ৬৯ জনের মধ্যে ৫৭ জন জেলা কারাগারে আছেন। বাকি ১২ জন রয়েছেন ব্যাটালিয়ন দপ্তরে।
বেলা আড়াইটায় দ্বিতীয় অধিবেশন মুলতবি হয়। এরপর প্রেস ব্রিফিং করেন প্রসিকিউটর আব্দুল গাফফার ও মেফতাউল করিম।
সোমবার সকাল ৯টায় আদালত আবার বসবে।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24