২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় অভিযোগ শোনানো হলো ১৬০ 'বিদ্রোহীকে'

পিলখানায় বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ১৬০ জনকে অভিযোগ শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 08:41 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ১৬০ জনকে অভিযোগ শোনানো হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত নবগঠিত বিশেষ আদালত- ১০ এ রোববার অভিযোগ গঠনের শুনানি চলাকালে মামলার ৩৩৭ জন আসামির মধ্যে ১৬০ জনকে এই অভিযোগ পড়ে শোনানো হয়। দুপুর সোয়া ২টা পর্যন্ত কার্যক্রম চলার পর মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। এর আগে সকালে মামলার ৩৩৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এজন্য রোববার বেলা পৌনে ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বিচার শুরুর আগে আদালতের বিচারক প্যানেলের সদস্যরা শপথ নেন। এরপর মামলার বর্তমান প্রসিকিউটর মেজর মোকাইদ মোহাম্মাদ আলী আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিবরণ তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান। এর আগে সকালেই ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর কর্মকর্তা কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এ এফ এম কাওসার। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো এজারুল হক আকন্দ। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ গত ১০ অগাস্ট সর্বশেষ এই মামলার শুনানি হয়। সেদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের এই তারিখ নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। এর আগে ৪ অগাস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েক সুবেদার সহকারী মো. খোরশেদ আলম। সেদিন পিলখানার বিডিআর রেকর্ডিং উইংয়ের ১১১ সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে পিলখানার বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে বিদ্রাহে 'জড়িত' সবাইকে বিচারের আওতায় আনা হয়। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। মামলার আসামিদের মধ্যে ২০২ জন আগেই নিউ মার্কেট থানায় দায়ের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পিলখানায় কর্মরত বাকি ১৩৫ জনকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। বাদি মো. খোরশেদ আলম অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ, মদদ দেওয়া, বিদ্রোহের পরিকল্পনা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, কর্মকর্তাদের হত্যায় সহযোগিতা, বিদ্রোহ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা না রাখা ইত্যাদি অভিযোগ আনেন। সেদিন আদালতে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাবিবুল করিম বলেন, এসব অভিযুক্তের অনেকের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও লুট করার অভিযোগ থাকলেও বিডিআর আইনে সেগুলোর বিচারের সুযোগ নেই বলে এখানে সেগুলো উল্লেখ করা হয়নি। তাদের বিরুদ্ধে শুধু বিদ্রোহের অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/১৪৩৬ ঘ.