সাতক্ষীরা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের অভিযোগে দায়ের মামলার বিচার কাজ শনিবার শুরু হয়েছে।
এজন্য সকাল ১০টা ০৫ মিনিটে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১২ এ আদালত বসে। শুনানি শেষে দুপুর সোয়া ১২টার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এ মামলায় আগে ২৭ জন গ্রেপ্তার ছিলেন। শনিবার আদালত মামলায় আরো ৭৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে সব আসামিকে রোববার সকাল ১০টায় হাজির করার আদেশ দিয়েছে।
আদালতপ্রধান হিসেবে ছিলেন বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম (পিএসসি)।
আদালত মুলতবির পর প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর জানান, এ মামলায় আগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের অনুপস্থিতিতে শুনানি হয়েছে। আদালত কর্মরত আরো ৭৮ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার ১০৫ আসামিকেই হাজির করার আদেশ দিয়েছে।
এ বিচার কার্যক্রমকে ঘিরে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের বিশেষ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাতক্ষীরার ৭ ও ৪১ রাইফেল ব্যটালিয়নের বেশ কিছু জওয়ান। সেসময় তারা ব্যাটালিয়ন ও ব্যাটলিয়নের বাইরে গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পাশাপাশি বিডিআরে নিযুক্ত সেনা কর্মকর্তাদের খোঁজাখুঁজি করেন এবং তাদের বাসায় লুটপাট চালান বলেও অভিযোগ রয়েছে।
এই অভিযোগে নীলডুমুর ৭ রাইফেল ব্যটালিয়নের সুবেদার মেজর সারোয়ার জাহান বাদি হয়ে ৬০ জন ও সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর আব্দুস সাত্তার ২৭ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১ এ গত ১৯ এপ্রিল ৭ রাইফেল ব্যাটালিয়নের ৫৬ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএন/এজে/১৩২২ ঘ.
bdnews24