জয়পুরহাট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ জওয়ানকে অভিযোগ শোনানো হয়েছে।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে তাদের বিচার কাজ চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো অভিযুক্তদের বিচার কাজ শুরু হয়। এরপর প্রসিকিউটর ৩ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, রাজধানীর পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা। উর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে তারা রাস্তায় বেরিয়ে আসে এবং সশস্ত্র অবস্থান নেয়। এছাড়া ফাঁকা গুলি ছুড়ে ভীতি ছড়ায়।
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে প্রমাণ সাপেক্ষে বিডিআর আইন অনুযায়ী শাস্তির আবেদন করেন প্রসিকিউটর।
এক দফা বিরতি দিয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিচার কাজ চলে। এরপর আদালত আগামী ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
আগেরদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদি ৩ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম।
বিশেষ আদালতের তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিডিআর দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ।
অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আহমেদ ও মেজর দিদার আল লতিফ।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন সদর দপ্তরের বিদ্রোহের সঙ্গে বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কিছু জওয়ান একাত্মতা ঘোষণা করে।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঙামাটি, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে বেশকিছু জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24