ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের এক মামলার ৬২২ আসামির মধ্যে চারজন বৃহস্পতিবার বিশেষ আদালতে দোষ স্বীকার করে মাফ চেয়েছেন। প্রসিকিউটর জানিয়েছেন, যারা দোষ স্বীকার করেনি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ আছে।
মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৭ নভেম্বর।
দোষ স্বীকারকারী সিপাহী সাইফুল ইসলাম, শরীফ জাহাঙ্গীর, জামাল উদ্দিন এবং ইশতিয়াক উদ্দিন ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৬২৩ জনের বিরুদ্ধে দায়ের মামলার আসামি।
পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮ এ বুধবার দুপুর পর্যন্ত এই মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। এদিন বেলা ৩টায় আদালত মুলতবির আগ পর্যন্ত ২৮০ জন আত্মপক্ষ সমর্থন করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আদালত বসার পর পুনরায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। বেলা ৩টার দিকে আদালত মুলতবির আগ পর্যন্ত বাকি সব আসামি আত্মপক্ষ সমর্থন করেন। তখন সিপাহী সাইফুল ইসলাম, শরীফ জাহাঙ্গীর, জামাল উদ্দিন এবং ইশতিয়াক উদ্দিন আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চান।
এ মামলার আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৩০৮ জন। তবে বিচার কাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশেষ আদালতে বুধবার দুপুরে ১২২ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর মধ্য দিয়ে এ মামলার অভিযোগ গঠনের প্রক্রিয়া শেষ হয়। অভিযোগ শোনার পর বেলা ৩টায় আদালত মুলতবি হওয়া পর্যন্ত ২৮০ জন আসামি বলেন, তারা নির্দোষ।
এর আগে সোমবার ১০০ এবং মঙ্গলবার ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।
আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশগ্রহণ ও সহযোগিতা, বিনাঅনুমতিতে কোত থেকে অস্ত্র গ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিপদ ও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।
আগে এ মামলার বিচার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৮ এ চলছে।
বৃহস্পতিবার আদালতপ্রধান হিসেবে ছিলেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক।
গত ১৭ এপ্রিল অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়। সেদিন আদালতে নেতৃত্ব দেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
বৃহস্পতিবার বিচার কাজে আদালতপ্রধানকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্ত্রী।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম। এছাড়া অভিযুক্তদের পক্ষে ফ্রেন্ড অব দি একিউজড (বিডিআরের কর্মকর্তা) ও বেসরকারি আইনজীবিরা আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়।
আসামিদের মধ্যে ৩৩০ জনকে পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৫ এপ্রিল। বাকি ২৯৩ জন নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
আদালত মুলতবির পর প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর আখতার হামিদ জানান, সিপাহী সাইফুল, শরীফ ও জামাল সেদিন বিডিআর মহাপরিচালক শাকিল আহমদের নির্দেশ অমান্য করে দরবার হল থেকে বেরিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। ইশতিয়াক অস্ত্র হাতে বিদ্রোহে শরিক হয়েছিলেন।
তিনি বলেন, "চারজন দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তাদের বিষয়ে আদালত অনুকম্পা করতে পারে। যে ৬১৮ জন দোষ স্বীকার করেনি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৫৫১ ঘ.
bdnews24