২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় তিনজনের দোষ স্বীকার

পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের এক মামলার তিন আসামি বৃহস্পতিবার বিশেষ আদালতে দোষ স্বীকার করে মাফ চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের এক মামলার তিন আসামি বৃহস্পতিবার বিশেষ আদালতে দোষ স্বীকার করে মাফ চেয়েছেন। তারা ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৬২৩ জনের বিরুদ্ধে দায়ের মামলার আসামি। পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮ এ বুধবার দুপুর পর্যন্ত এই মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। এদিন বেলা ৩ টায় আদালত মুলতবির আগ পর্যন্ত ২৮০ জন আত্মপক্ষ সমর্থন করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আদালত বসার পর পুনরায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। দুপুর সোয়া ১টা পর্যন্ত ১৫৮ জন আসামি আত্মপক্ষ সমর্থন করেন। এর মধ্যে সিপাহী সাইফুল ইসলাম, শরীফ জাহাঙ্গীর এবং জামাল উদ্দিন আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এ মামলার আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৩০৮ জন। তবে বিচার কাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশেষ আদালতে বুধবার দুপুরে ১২২ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর মধ্য দিয়ে এ মামলার অভিযোগ গঠনের প্রক্রিয়া শেষ হয়। অভিযোগ শোনার পর বেলা ৩টায় আদালত মুলতবি হওয়া পর্যন্ত ২৮০ জন আসামি বলেন, তারা নির্দোষ। এর আগে সোমবার ১০০ এবং মঙ্গলবার ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশগ্রহণ ও সহযোগিতা, বিনাঅনুমতিতে কোত থেকে অস্ত্র গ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিপদ ও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। আগে এ মামলার বিচার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৮ এ চলছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। আসামিদের মধ্যে ৩৩০ জনকে পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৫ এপ্রিল। বাকি ২৯৩ জন নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৩৪৭ ঘ.