সিলেট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহ মামলায় সিলেট সদর সেক্টরের ৬১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী ২৭ ডিসেম্বর। ওই দিন মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণও হবে।
বৃহস্পতিবার ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এর বিচারক এ তারিখ ধার্য করেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় বিশেষ আদলতের কার্যক্রম শুরু হয়। প্রথমে ৬১ আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান মামলার প্রসিকিউটর সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আওরঙ্গজেব।
এর আগে কড়া পুলিশ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের অদালতে হাজির করা হয়।
আসামিদের বিরুদ্ধে গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পরদিন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেটে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট, গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি, গাড়ি জ্বালানো ও ভাংচুরের অভিযোগ আনা হয়।
বিশেষ আদালত-১৪ এ সভাপতিত্ব করেন বিডিআর কুমিল−া সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মকসুদুল হক। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।
আদালতের কার্যক্রম শেষে প্রসিকিউটর আওরঙ্গজেব সাংবাদিকদের জানান, আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। ওইদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ হবে।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। পরদিন সদর দপ্তরের বিদ্রোহের সঙ্গে দেশের অন্যান্য স্থানের মতো সিলেট সদর সেক্টরের কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঙামাটি, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে বেশকিছু জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২৩১ ঘ.
bdnews24