সিলেট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সিলেটের ২১ ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ১০৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী ২৩ নভেম্বর ও ৬ ডিসেম্বর।
এর মধ্যে ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে ২৩ নভেম্বর।
৩৮ রাইফেলের অভিযুক্ত ৬১ জনের বিরুদ্ধে ৬ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত।
ধার্য দিনে অভিযোগ গঠন ছাড়াও সাক্ষ্য নেওয়ার হবে।
বুধবার সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালত এই দিন ধার্য করে।
সকাল ৯টায় শুরু হয় ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জওয়ানের বিচার কাজ। আসামিদের অভিযোগ পড়ে শোনান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির।
এরপর দুপুর ৩টায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জওয়ানকে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর ওই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল−াহ খান।
আসামিদের বিরুদ্ধেপিলখানায় বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষনা করে বিদ্রোহে অংশগ্রহণ, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট, গোলাগুলি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি, গাড়ি জ্বালানো ও ভাংচুরের অভিযোগ আনা হয়।
সিলেট সেক্টরের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন
বুধবার ১৪ নম্বর বিশেষ আদালতে সিলেট সেক্টরের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।
সকাল ৯টায় শুরু হয় বিচার কাজ শুরুর পর তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদি সিলেট সেক্টরের সুবেদার মো. আব্দুল গণি।
বিচারকরা অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৮টায় বিশেষ আদালতে হাজির করার নির্দেশ দেয়।
অভিযুক্ত ৬১ জনের মধ্যে ৩৩ জন সিলেট কারাগারে রয়েছেন। বাকি ২৮ জনকে বুধবার দুপুরে সদর সেক্টর সদর দপ্তর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এই মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেজর আওরঙ্গজেব।
১৪ নম্বর বিশেষ আদালতে তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।
প্যানেলের অপর সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মকসুদুল হক।
আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন মারা যান। পরদিন এই বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের বেশ কিছু জওয়ান।
এই বিদ্রোহের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার গত বছরের নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পরে আদালতের সংখ্যা আরো বাড়ানো হয়।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাটের মত অপরাধের বিচার হচ্ছে প্রচলিত আদালতে।
বিদ্রোহের মামলায় এর মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনীসহ কয়েকটি স্থানে বেশকিছু জওয়ানকে সর্বোচ্চ সাত বছর সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24