জয়পুরহাট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ বিডিআর সদস্যের বিচার শুরু হয়েছে বুধবার।
এজন্য জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়।
ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক সুবেদার মেজর শফিকুল ইসলাম ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারির ঘটনায় ২০ বিডিআর জওয়ানের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতে অভিযোগ উত্থাপন করেন।
আদালত অভিযোগ পর্যালোচনা করে মামলা আমলে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় কারাবন্দি ওই সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে আদালতের কার্যক্রম বুধবারের জন্য মুলতবি ঘোষণা করে।
এদিন বিচারক প্যানেলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন বিডিআর এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম ও মেজর দিদার-আল-লতিফ।
প্রসিকিউটর হিসাবে ছিলেন জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন। শ্রী বিশ্বজিৎ রায় ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। পরদিন সদর দপ্তরের বিদ্রোহের সঙ্গে দেশের অন্যান্য স্থানের মতো জয়পুরহাটের কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঙামাটি, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে বেশকিছু জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৩৭ ঘ.
bdnews24