২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ রাইফেলসের 'বিদ্রোহীদের' বিচার শুরু মঙ্গলবার

বিদ্রোহের মামলায় নওগাঁর ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

নওগাঁ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় নওগাঁর ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার। ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ অভিযুক্ত ৩৩ বিডিআর জওয়ানের বিচার কাজ শুরু হবে সকাল১০টায়। প্রথমদিন আদালতে আসামিদের হাজির করা হচ্ছে না বলে ৪৩ রাইফেলস ব্যাটালিয়ন কর্মকর্তারা জানিয়েছেন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফজলুল হক সোমবার বিকালে জানান, তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বিডিআর'র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আযম। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতকে সহায়তা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি সহকারী অ্যাটর্নি জেনারেল শ্রী শশাঙ্ক শেখর সরকার। আদালতের প্রসিকিউটর হিসেবে থাকবেন ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফজলুল হক। গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়। পরদিন নওগাঁ ৪৩ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরের বেশ কয়েকজন জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। এ ঘটনায় নওগাঁ সদর থানার ওসি আমিনুল ইসলাম বাদি ওই বছরের ১৮ মে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওইদিনই পুলিশ ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মেজর খালিদসহ ৩৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। বিদ্রোহের মামলায় এর আগে গত ১০ অক্টোবর নওগাঁর ৪৬ রাইফেলস ব্যাটালিয়নের ১১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় বিশেষ আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৩ ঘ.