সিলেট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সিলেটের ২১ ও ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার।
সকাল ৯টায় ২১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ বিচার কাজ শুরু হবে।
বিদ্রোহের মামলায় ২১ রাইফেলস ব্যাটালিয়নের ৫১ জন এবং ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ৪৭ জন বর্তমানে সিলেট কারাগারে রয়েছেন।
সোমবার দুপুরে সিলেটের আখালিয়া এলাকায় ২১ রাইফেলস ব্যাটালিয়নে সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডিআর কর্মকর্তারা এ তথ্য জানানো হয়।
তারা জানান, আসামির সংখ্যা আরো বাড়তে পারে।
বিশেষ আদালত ১৪-এর বিচার প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।
বিচারক প্যানেলের সদস্য থাকবেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদবীর দুজন কর্মকর্তা।
বিচার কার্যক্রমে সহযোগিতা করবেন অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিচার কাজ শুরুর আগে বিচারক প্যানেলের প্রধান আদালত গঠন করবেন। পরে আদালত সংশ্লিষ্ট সবাইকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর বাদি পক্ষ আদালতে অভিযোগ উপস্থাপন করবে।
আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন- ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির ও ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মো. আমান উল্লাহ খান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান- ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল কাদির।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আমান উল্লাহ খান, সিলেট সেক্টরের জিসিও-২ মেজর আওরঙ্গজেব, ২১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া প্রমুখ।
বিদ্রোহের মামলায় গত ২ অগাস্ট সিলেটের বিশেষ আদালতে সুনামগঞ্জ ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24