ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ঢাকার ৬২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এ মামলায় আসামি ছিলেন ৬২৩ জন। বিচার কাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগ গঠন নিয়ে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-৮ এ সোমবার সকাল সোয়া ১০টার দিকে কার্যক্রম শুরু হয়। এরপর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান ৬২২ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। বেলা সাড়ে ১১টার দিকে সাময়িক সময়ের জন্য আদালত মুলতবির আবারও কার্যক্রম শুরু হয়েছে।
আদালতপ্রধান হিসেবে আছেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়াদুল হক।
গত ১৭ এপ্রিল অভিযোগ গঠনের এ তারিখ ধার্য করা হয়। সেদিন আদালতে নেতৃত্ব দেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
আগে এ মামলার বিচার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৮ এ চলছে।
আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের ৩০৮ জন। বিদ্রোহের সময় অভিযুক্তদের চেহারা যেমন ছিলো, অভিযোগ গঠনের দিন তাদের সে অবস্থায় হাজির করতে আদালত নির্দেশ দেয় সেদিন।
অভিযুক্তরা এখনো বিডিআর সদস্য এবং চুল-দাড়ি বড় থাকলে সাক্ষীরা বিভ্রান্ত হতে পারে- এ ভাবনা থেকেই আদালত ওই নির্দেশ দেয়।
১৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় পিলখানা দরবার হলে আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগেই বিভিন্ন কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টায় আদালত মুলতবি করা হয়।
বিচার কাজে আদালত প্রধানকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একেএম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলূ।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়।
আসামিদের মধ্যে ৩৩০ জনকে পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয় ১৫ এপ্রিল। বাকি ২৯৩ জন নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৩৩৩ ঘ.
bdnews24