ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ঢাকার ৬২৩ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ১৮ অক্টোবর।
শনিবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-৫ এ তারিখ ঠিক করেছে। আদালতে নেতৃত্ব দেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
আসামিদের মধ্যে ১৩ রাইফেলস ব্যাটেলিয়নের ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটেলিয়নের ৩০৮ জন। বিদ্রোহের সময় অভিযুক্তদের চেহারা যেমন ছিলো, অভিযোগ গঠনের দিন তাদের সে অবস্থায় হাজির করতে আদালত নির্দেশ দিয়েছে।
অভিযুক্তরা এখনো বিডিআর সদস্য এবং চুল-দাড়ি বড় থাকলে সাক্ষীরা বিভ্রান্ত হতে পারে- এ ভাবনা থেকেই আদালত এ নির্দেশ দেয়।
সকাল সাড়ে ১১টায় পিলখানা দরবার হলে আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগেই বিভিন্ন কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টায় আদালত মুলতবি করা হয়।
বিচার কাজে আদালত প্রধানকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একেএম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলূ।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও অ্যাডভোকেট মঞ্জুর-ই আলম।
আখতার হামিদ বলেন, "মইন নামের একজন সিপাহী এ দরবার হলে ডিজির দিকে অস্ত্র তাক করে বিদ্রোহের সূচনা করে। ব্যাটেলিয়নের অন্যান্য সদস্যদের সহায়তা ও সমর্থনেই সে এ কাণ্ড ঘটিয়েছিলো। অতএব তারা এ বিদ্রোহের বিষয়টি গোপন করে সহায়তা, পরে নিজেরাই সরাসরি অংশগ্রহণ করে। সেদিন এই ব্যাটেলিয়নের ১৭২ জন দরবার হলে উপস্থিত ছিলো। এ ব্যাটেলিয়নের সবজি মাঠেই নির্মমভাবে নিহত কর্মকর্তাদের গণকবর দেয়া হয়। এছাড়া বিভিন্ন ছবি, সাক্ষ্যে এদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়।"
আদালত প্রধান এরপর জানতে চান, অভিযোগনামা পাননি, এমন কেউ দরবার কক্ষে আছেন কিনা। তিনি বিচার প্রক্রিয়া, সাক্ষীদের জেরা করা, আইনের ধারা পড়ে শোনান।
সাক্ষীদের বক্তব্যের সময় সবাই যেন বিদ্রোহ সম্পর্কিত বিষয়েই বক্তব্য দেন, হত্যা-লুন্ঠন বা অন্যান্য অপরাধের বিষয়ে বক্তব্য দিয়ে আদালতের সময় নষ্ট না করার বিষয়ে ব্যবস্থা নিতে প্রসিকিউটরকে নির্দেশ দেন আদালত প্রধান।
কারো কোনো প্রশ্ন আছে কিনা- তিনি জানতে চাইলে একজন অভিযুক্ত তার বাড়িওয়ালাকে সাক্ষী করতে পারবেন কি না জানতে চান। আরেকজন জানতে চান, পিলখানা বিদ্রোহের সময় তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানকার ডাক্তারদের সাক্ষী করতে পারবেন কিনা।
আদালত জানায়, যে কাউকে সাক্ষী করা যাবে। সামরিক বা বিডিআর সদস্য হলে কর্তৃপক্ষ তাকে আদালতে হাজিরের সব ব্যবস্থা করবে। বেসামরিক সাক্ষী হলে, তাকে নিজের দায়িত্বে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে।
বিডিআর মহাপরিচালক বলেন, "এটি একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে বিদ্রোহের সূত্রপাত, সেখানেই তার বিচার হচ্ছে। এছাড়া আসামিরা সকলে বসে আছেন, কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রণ, সব দিক থেকেই এই আদালত কিছূটা ব্যতিক্রমী। আমি আশা করবো, বিডিআরে এ ধরণের আদালত আর কখনো বসানোর দরকার হবে না।"
অভিযোগনামা পাবার পরে অভিযুক্তরা আত্মপক্ষ সমথর্নে প্রস্তুতি ও সাক্ষীদের হাজির করার জন্যে কমপক্ষে ২৭ দিন সময় পেয়ে থাকেন।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার ১৩ রাইফেল ব্যাটেলিয়ন ও সংযুক্ত ব্যাটেলিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়।
আসামিদের মধ্যে ৩৩০ জনকে বৃহস্পতিবার পিলখানায় কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। বাকি ২৯৩ জন নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24