২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ২৯ 'বিদ্রোহীকে' নথি হস্তান্তর

বিদ্রোহের মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেলস ব্যাটালিয়নের ২৯ সদস্যকে অভিযোগনামাসহ প্রয়োজনীয় নথি হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেলস ব্যাটালিয়নের ২৯ সদস্যকে অভিযোগনামাসহ প্রয়োজনীয় নথি হস্তান্তর করা হয়েছে। জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় ১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৪-এ তাদের বিচার কাজ চলছে। বিচার কার্যক্রমের দ্বিতীয় দিন বৃহস্পতিবার আসামিদের প্রত্যেককে অভিযোগনামা, আদালতের আদেশসহ সব নথি দেওয়া হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বিচার কাজ মুলতবি করা হয়েছে। আদালত মুলতবি করার পর প্রসিকিউটর ১ রাইফেলস ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া সাংবাদিকদের জানান, আসামিরা ইচ্ছা করলে বেসামরিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। তারা আদালত চলার সময় ছাড়া আসামিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারবেন। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আদালত বসে। এর আগে সকাল ৮টায় ২৯ আসামিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। বিচার কাজ শুরুর পর প্রসিকিউটর অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষী, তথ্য ও দালিলিক প্রমাণ রয়েছে বলে আদালতকে অবহিত করেন। বিচার কাজ শেষ হয় সকাল সাড়ে ১০টায়। আদালতের বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন- বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। তিন সদস্যের প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আক্তারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদ হোসেন। মঙ্গলবার এই ২৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মেজর নূরুল করীম। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন দেশের বিভিন্ন স্থানের মত ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেলস ব্যাটালিয়নের কিছু জওয়ান বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আসামিকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.