বান্দরবান, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে বিডিআর বিদ্রোহের মামলার রায় হবে আগামী ৯ নভেম্বর।
বুধবার আসামি ও প্রসিকিউটরের বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
আগের দিন মামলার ১৫ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ওইদিন আসামিরা তাদের জেরা করেন। সোমবার সাক্ষ্য নেওয়া তিনজনের।
বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৩৫ বিডিআর সদস্যের মধ্যে ১২ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত ১৬-এ এই বিচার কাজ চলছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিচার কাজ শুরু হয়। এ সময় অভিযুক্ত ৩৫ জন আসামির সকলেই তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন।
আসামীদের বক্তব্য শেষে হলে মামলার প্রসিকিউটর বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম বক্তব্য উপস্থাপন করেন।
এ পর্যায়ে দুপুর সাড়ে ১২টায় আদালত এক ঘণ্টার জন্য বিরতি দেওয়া হয়।
এরপর দুপুর দেড়টায় আদালতের কার্যক্রম আবার শুরু হয়। তখন আসামিরা তাদের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেন।
দুপুর সোয়া তিনটায় আদালত ১৫ মিনিটের জন্য বিরতি দিয়ে সাড়ে তিনটায় আবার শুরু হয়। এ পর্যায়ে আদালত আসামিদের বক্তব্য, প্রসিকিউটের বক্তব্য এবং সাক্ষ্য বিষয়ে বক্তব্য দেয়।
বিকাল সাড়ে ৪টার দিকে আদালত আগামী ৯ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করে বিচার কাজ মুলতবি করে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় আদালত বসবে।
পরে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম সাংবাদিকদের বলেন, এই মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জন দোষ স্বীকার করেছে।
চলতি বছরের ২২ এপ্রিল এই মামলার বিচার কাজ শুরু হয়।
বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে বিডিআর রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।
প্যানেলের অপর সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব।
অ্যাটর্র্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। প্রসিকিউটরের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন- অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও মো. বেলায়েত হোসেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন- ব্যারিস্টার আসাদ আবদুল্যাহ ও রিদোয়ানুল হক। আসামিদের সহায়তা দিতে ফ্রেন্ড অব দি অ্যাকিউজড ছিলেন মেজর জুলফিকার আলী।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই সময় বান্দরবানসহ কয়েকটি জেলার অনেক বিডিআর সদস্য অস্ত্র তুলে নেয়।
বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24