রাজশাহী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে বিডিআর বিদ্রোহের বিচারের জন্য স্থাপিত বিশেষ আদালত বুধবার বসছে না। অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য এ আদালতে বিচার কাজ স্থগিত করা হয়েছে।
রাজশাহীস্থ ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মনোয়ার মহবুব মঙ্গলবার রাতে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, আদলত বসার পরবর্তী তারিখ পরে জানানো হবে।
বিডিআর রাজশাহী সেক্টর সদর দপ্তরের স্থাপিত বিশেষ আদালত-১২ বুধবার সকাল ১০টায় বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিলো।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই সময় রাজশাহীস্থ ৩৭ রাইফেল ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের অনেক সদস্যও হাতে অস্ত্র তুলে নেয়। এতে এক রিকশাচালক গুলিবিদ্ধ হন।
পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি রমজান আলী বাদি হয়ে ১৭ মে রাজশাহীর সিএমএম আদালতে ৯৩ বিডিআর সদস্যকে আসামি করে মামলা করেন। পরদিন ৩৭ রাইফেল ব্যাটেলিয়ন থেকে ৬৫ জন এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১৫ ঘ.
bdnews24