ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের সঙ্গে জড়িত ব্রাহ্মণবাড়িয়ার ১ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানদের বিচার বুধবার শুরু হচ্ছে।
বিদ্রোহের মামলায় গ্রেপ্তার ব্যাটালিয়নের ২৩ সদস্য বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।
তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তারা।
১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাশরুর আহমেদ শিহাব সাংবাদিকদের জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৪-এ সকাল ১০টায় বিচার কাজ শুরু হবে।
তিনি জানান, এর মধ্যে আদালতের সব প্রস্তুতি শেষ হয়েছে।
বিডিআর কর্মকর্তা জানান, বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এস ফরহাদ।
তিন সদস্যের বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আক্তারুজ্জামান ও মেজর মাকসুদ।
আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদসহ আরো দুজন সরকারি কৌঁসুলি আদালতকে সহায়তা করবেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন ১ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তর, ট্রানজিট ক্যাম্প এবং ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে বিডিআর জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
ওই বছরের মে মাসে সংশ্লিষ্ট থানার ওসি একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে করা মামলার রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24