২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আরো ১৫ জনের সাক্ষ্যগ্রহণ

বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় আরো ১৫ জনের সাক্ষ্য নিয়েছে বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

বান্দরবান, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় আরো ১৫ জনের সাক্ষ্য নিয়েছে বিশেষ আদালত। আগামীকাল বুধবার আসামি ও প্রসিকিউটরের বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। মামলায় অভিযুক্ত ৩৫ বিডিআর সদস্যের বিচার চলছে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিচার কাজ শুরু হয়। তিন দফা বিরতি দিয়ে বিচার কাজ চলে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত। এরপর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করা হয়। সোমবার তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় ১৩ আসামি সাক্ষীদের জেরা করেন। এর মধ্যে ১২ বিডিআর জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছে। মঙ্গলবার সাক্ষ্য দেওয়া ১৫ জন হলেন- বলিপাড়া ব্যাটালিয়নের তৎকালীন মেডিকেল অফিসার মেজর (বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল) মাকছুমুল হাকিম, মেজর (অপরারেশন) সফিকুল ইসলাম, হাবিলদার আবুল কাসেম, সাদেক আলী ও মোবারক, হাবিলদার সিগন্যাল শরীফুল আলম, নায়েক সিগন্যাল নজরুল, ল্যান্স নায়েক মিজানুর রহমান, সিপাহী মঞ্জুর মোর্শেদ, আলমগীর, মজিবুর, সোহেল আহমদ, জাকির হোসেন, মো. জবন মিয়া ও মোরছালিন খান। আসাসিরা সাক্ষীদের জেরা করেন। বিকাল বিচার কাজ মুলতবি করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন- অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম। আদালতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন। আসামিদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, রিদোয়ানুল হক ও কাইয়ুম ভুঁইয়া। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই সময় বান্দরবানসহ কয়েকটি জেলার অনেক বিডিআর সদস্য অস্ত্র তুলে নেয়। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.