রাজশাহী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তারকৃত ৯৩ জওয়ানের বিচার কাজ শুরু হচ্ছে বুধবার।
বিডিআর রাজশাহী সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে ওই দিন সকাল ১০টায় বিচার কাজ শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ৩৭ রাইফেলস ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বিশেষ আদালতে বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিডিআর রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আযম খান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় এই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়।
পরদিন রাজশাহীর ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বিডিআর জওয়ান বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে।
রাজশাহীতে একসব বিদ্রোহী বিডিআর জওয়ান অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করে। এতে এক রিক্সাচালক গুলিবিদ্ধ হন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি রমজান আলী বাদি হয়ে ১৭ মে আদালতে ৯৩ বিডিআর সদস্যকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহের মামরা করেন।
পরদিন ৩৭ রাইফেলস ব্যাটেলিয়ন দপ্তর থেকে ৬৫ এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, রাঙামাটিসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন বিডিআর জওয়ানকে সর্বোচ্চ সাত বছর ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24