২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আরো ১ বিডিআরের দোষ স্বীকার

বিডিআর বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ আসামির বিচার চলছে। সোমবার আরো একজন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এ নিয়ে ১২ জন দোষ স্বীকার করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

বান্দরবান, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ আসামির বিচার চলছে। সোমবার আরো একজন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এ নিয়ে ১২ জন দোষ স্বীকার করলেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ সোমবার সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হয়। বিকাল ৪টায় আদালত মুলতবি করা হয়। এতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন- অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম। আদালতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন। আসামিদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, রিদোয়ানুল হক ও কাইয়ুম ভুঁইয়া। তিনদফা বিরতির মধ্য দিয়ে বিকাল ৪টায় আদালত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। সোমবার তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় ১৩ আসামি সাক্ষীদের জেরা করেন। দ্বিতীয় দিনের বিচারকাজ শুরু হলে আসামী সিপাহী লুৎফর রহমান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাকে দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনার বিষয়টি লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন। এরপর শুরু হয় বলিপাড়া ১০ নম্বর রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ। এক নম্বর সাক্ষী এই ব্যাটালিয়নের সুবেদার সুলতান আহমদ সাক্ষ্য দেন প্রায় ৫০ মিনিট। এরপর অভিযুক্ত ৩৫ আসামিদের মধ্যে ১৩ জন তাকে জেরা করেন। দুপুর ১২টা ২৫ মিনিটে সাক্ষ্য দিতে আসেন দুই নম্বর সাক্ষী একই ব্যাটালিয়েনের তৎকালীন ইনকামিং কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আলী যায়ীদ। তিনি একঘণ্টা ৫০ মিনিটের মতো সাক্ষ্য দেন। বেলা সোয়া ২টায় আদালত একঘণ্টার জন্য মুলতবি হয়। বিকাল সোয়া ৩টায় আবার বিচারকাজ শুরু হলে সাক্ষ্য দিতে আসেন তিন নম্বর সাক্ষী তৎকালীন বান্দরবান সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন। এরপর বিকাল ৪টায় আদালত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। গত রোববার ১১ জন দোষ স্কীকার করেছিলেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওই সময় বান্দরবানসহ কয়েকটি জেলার অনেক বিডিআর সদস্য অস্ত্র তুলে নেয়। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.