নওগাঁ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় বিডিআর বিদ্রোহের মামলায় ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের সদস্যদের বিচারের দ্বিতীয় দিনের কাজ সম্পন্ন হয়েছে।
এই ব্যাটালিয়নের ১৪৫ জনের মধ্যে গুরুতর অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে আগামী বছরের ২৫ জানুয়ারি।
ওই সময় পর্যন্ত বিচারকাজ মুলতবি করেছে আদালত।
সোমবার সকাল ১০টায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ান কার্যালয়ে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে এই বিচার কাজ শুরু হয়। বেলা সোয়া ১১টায় মুলতবি করা হয়।
সোয়া একঘণ্টার এই বিচারকাজে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিডিআর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। দুই সহযোগী বিচারক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় গুরুতর অভিযুক্ত ১১ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়।
এরা হলেন- নায়েক সুবেদার হারুনুর রশীদ, সিপাহী আলমগীর হোসেন, সিপাহী জাকারিয়া, সিপাহী সাকিন শাহ, সুবেদার শাহ জালাল, ল্যান্স নায়েক ফকির মোহাম্মদ ইসাহাক, সিপাহী হারুনুর রশীদ, সিপাহী কামরুল ইসলাম, সিপাহী কামাল হোসেন, সিপাহী হৃদয় শাহ ও সিপাহী নজরুল ইসলাম।
বিচার কাজের শুরুতে গুরুতর অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক ও বিশেষ প্রসিকিউটর মেজর মঞ্জুর আজিজ।
আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন শ্রী শশাঙ্ক শেখর সরকার, বিশেষ প্রসিকিউটরের সহযোগী ছিলেন অ্যাডভোকেট মনজুর আলম ও অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
বিচার কার্যক্রম শেষে মেজর মঞ্জুর আজিজ প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২০১১ সালের ২৫ জানুয়ারি গুরুতর অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত সেই সময় পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বাকি অভিযুক্তদের বিচার পর্যায়ক্রমে করা হবে বলে তিনি জানান।
গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহ হয়। এতে বিডিআরে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন নওগাঁয় ৪৬ রাইফেল ব্যাটালিয়ানেরসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশকিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
নওগাঁর ঘটনায় সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ১৮ মে ডিএডি তোছিরসহ ২১ জনের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। তদন্ত শেষে ১৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
বিদ্রোহের অভিযোগে বিডিআর আইনে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁও ও সুনামগঞ্জে বেশকিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য ফৌজদারী অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24