ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ নভেম্বর।
সোমবার পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ মামলার শুনানি অল্প সময়ের জন্য হওয়ার পর পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এ মামলায় গত বৃহস্পতিবার পর্যন্ত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। তাদের মধ্যে জেরা সম্পন্ন হয়েছে সাতজনের।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতে নেতৃত্ব দেন।
বিডিআরের জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় আদালত বসবে।
গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন সুবেদার মো. মতিউর রহমান। মামলার এক নম্বর সাক্ষীও তিনি।
বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। মাঝে এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৭ এ চলছে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১২৩১ ঘ.
bdnews24