২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ মামলায় আরো ২ সাক্ষীকে জেরা

পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার চতুর্থ ও পঞ্চম সাক্ষীকে বুধবার জেরা করেছেন আসামিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার চতুর্থ ও পঞ্চম সাক্ষীকে বুধবার জেরা করেছেন আসামিরা। এজন্য পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ সকাল সোয়া ১০টায় আদালত বসে। এরপর মামলার চতুর্থ সাক্ষীকে আসামিদের জেরা শেষে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। পরে তাকে জেরা শেষে দুপুর পৌনে ৩টার দিকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। এ নিয়ে এ মামলায় পাঁচ সাক্ষীর জেরা সম্পন্ন হলো। মামলার বাদিসহ দুজনকে আসামিদের জেরা শেষে মঙ্গলবার তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তাকে আসামিদের জেরা শেষে শুরু হয় মামলার চতুর্থ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ। দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং একজনকে আসামিদের জেরা শেষে বেলা পৌনে ৩টার দিকে বুধবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার বাদিসহ দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টা সময় নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী সুবেদার মো. মতিউর রহমানকে ওই জেরা করেন মামলার আসামিরা। মামলার এক নম্বর সাক্ষীও তিনি। বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন ৬৬৭ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাঝে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৭ এ চলছে। গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন। বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৫০৫ ঘ.