২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠনের শুনানি

ফেনীতে বিদ্রোহের মামলায় রোববার অভিযোগ গঠনের শুনানি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 05:44 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ফেনী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে বিদ্রোহের মামলায় রোববার অভিযোগ গঠনের শুনানি চলছে। দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিডিআর আদালতে হাজির করা হয়েছে ৬২ জন বিডিআর সদস্যকে। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরুর আগে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ও আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, "আজ (রোববার) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে এবং এরপরই সাক্ষ্যগ্রহণ শুরু হবে।" আদালতের কার্যক্রম বিকাল পর্যন্ত চলার কথা। বিচার কাজ পরিচালনা করছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তাকে সহায়তা করছেন লেফটেন্যান্ট কর্নেল মো. আখাতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট মো. ফরহাদ আহমদ। গত ২০ ডিসেম্বর অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ফেনীতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। পরদিন ৬২ আআমিদের আত্মপক্ষ সমর্থনের পর আদালতের কার্যক্রম মুলতবি হয়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ফেনী ১৯ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ফেনীর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ, তারা গুলি ছুড়ে, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সারাদেশে বিদ্রোহের মামলাগুলো চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩০ ঘ.