২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের মামলা: সাতক্ষীরায় আরো ৫ জনের সাক্ষ্য

সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার কাজ আগামী ২১ মার্চ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 06:17 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার কাজ আগামী ২১ মার্চ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার আরো পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। এ পর্যন্ত ৪১ জনের মধ্যে বাদিসহ ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগের দিন ১৬ জওয়ান লিখিত ও মৌখিকভাবে তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যদের বিরুদ্ধে গত সোমবার অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। সকাল সাড়ে ৯টায় ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে সাতক্ষীরা কারাগার থেকে অভিযুক্ত বিডিআর সদস্যদের আদালতে হাজির করা হয়। বিচারকাজ শুরু হওয়ার পর কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম নীলডুমুরের স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের সাক্ষ্য নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান। বিচারক তার আবেদন গ্রহণ করে বলেন, সাক্ষ্য দেওয়ার আগে মামলার সার-সংক্ষেপ সাক্ষীর হাতে দিতে হবে। এরপর তিনজনের সাক্ষ্য নেওয়া শেষে বেলা ১১ টায় আদালত মুলতবী করা হয়। সাড়ে ১১ টায় আবার বিচার কাজ শুরু করে আদালত। এ সময় আরো দুজনের সাক্ষ্য নেয় আদালত। সাক্ষ্য দিয়েছেন- সাতক্ষীরা নীলডুমুর এলাকার সাইনবোর্ড লেখক অজিয়ার রহমান, বুড়িগোয়ালিনী গ্রামের দিনমজুর লিয়াকত হোসেন, নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর সদস্য (বাবুর্চি) পিন্টু মিয়া, নায়েক আনিসুর রহমান ও নায়েক সুবেদার আবুল হোসেন (হেডক্লার্ক)। দুপুর ১টায় আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক প্যানেলের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিচার কাজে তাকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল করিম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান। এছাড়া আদালতকে সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি শাহিদুর রহমান ও মোশারফ হোসেন কাজল। গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের পরদিন সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিডিআর বিদ্রোহের মামলা চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিডিআর আদালতে এ মামলার বিচার কাজ শুরু হয়। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৩৫ ঘ.