সাতক্ষীরা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ৭ রাইফেলস ব্যাটালিয়নের ১৬ সদস্য।
বুধবার ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে তারা লিখিত ও মৌখিকভাবে তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
দুদিন মুলতবি থাকার পর সকালে তৃতীয় দিনের মতো বিচার শুরু হয়। সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা কারাগার থেকে অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়।
দুপুর সোয়া ১টা পর্যন্ত ৭ রাইফেলস ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর মো. আরিফের সাক্ষ্য নেওয়া হয়। এরপর আসামিদের মধ্যে ১৬ জন আদালতের কাছে গত বছরের ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের কথা স্বীকার করেন। এ সময় কয়েকজন বিডিআর সদস্য কান্নায় ভেঙে পড়েন।
এ পর্যন্ত বাদীসহ মোট ১০ জন সাক্ষ্য দেন। এরা হলেন- মামলার বাদী সুবেদার মেজর এস এম সরোয়ার জাহান, লেফটেন্যান্ট কর্নেল আরিফ, মেজর রিয়াজুল, নায়েক শহীদুল, হাবিলদার দেলোয়ার, হাবিলদার মশিউর, ল্যান্স নায়েক নিয়ামুল, নায়েক মহব্বত, সিপাহী আতিকুর এবং স্কুল শিক্ষক বশির আহমেদ।
অভিযুক্তদের আইনি সহায়তা দেন 'ফ্রেন্ডস অব অ্যাকিউজ্্ড্স' ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামিম রেজা।
গত সোমবার এ মামলায় অভিযোগ গঠন হয়। তবে সেদিন অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে নেতৃত্ব দেন। তাকে সহায়তা করেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল করিম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান। এছাড়া আদালতকে সহায়তা করেন সরকার নিযুক্ত বিশেষ কৌঁসুলি শাহিদুর রহমান ও মোশাররফ হোসেন কাজল।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিডিআর বিদ্রোহের মামলা চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে।
গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিডিআর আদালতে এ মামলার বিচার কাজ শুরু হয়।
বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24