২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ বিডিআর'র বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদ্রোহের মামলায় সাতক্ষীরায় ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

সাতক্ষীরা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সাতক্ষীরায় ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিকাল ৫টা ২৫ মিনিটে আদালত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুলতবী করা হয়। ৪১ দিন মুলতবি থাকার পর সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকায় ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে আসেন। এরপর সাতক্ষীরা কারাগারে থাকা এ বিডিআর সদস্যদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন পড়ে শোনান প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম। তাদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃংখলা ভঙ্গ, ভাংচুর, লুটপাটসহ একাধিক ঘটনায় বিদ্রোহের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, বিদ্রোহীরা পরস্পরের যোগসাজশে শৃঙ্খলা ভঙ্গ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ বের করে আনে। এরপর তারা গুলিবর্ষণ করে চারদিকে আতংক সৃষ্টি করে। বিডিআর কর্মকর্তাদের রেস্ট হাউজে গিয়ে তাদের খোঁজাখুঁজি করে। মটরসাইকেল নিয়ে কর্মকর্তাদের ধাওয়া করে। পাগলা ঘণ্টা ও বাঁশি বাজিয়ে বিদ্রোহীদের উৎসাহ যোগায়। মেগাফোন ও মাইক দিয়ে সেনাবাহিনী আসছে বলে গুজব ছড়ায়। এলাকার বেসামরিক লোকদের বলে, কোনো সেনা কর্মকর্তাকে আশ্রয় দিলে তাদের বাড়িতে আগুন দেওয়া হবে। ব্যাটালিয়ন সদরদপ্তর মাঠ, মুন্সিগঞ্জ সড়কের কলবাড়িসহ কয়েকটি স্থানে তারা মেশিনগান, এলএমজি ও মর্টারের মত ভারী অস্ত্র বসায়। এ ছাড়া উচ্ছৃঙ্খল বিডিআর সদস্যরা গোপন বৈঠকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে নানা পরিকল্পনা করে। অভিযোগ পড়ে শোনানোর পর দুপুর ১টায় আদালত মুলতবী করা হয়। ২টার পর আবার বিচার কাজ শুরু আদালত বিডিআর সদস্যের বিরুদ্ধে গঠন করা অভিযোগ পড়ে শোনায়। এরপর বাদী তার সাক্ষ্য দেন। অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর ৩০ বিডিআর সদস্য বাদীকে জেরার করার সুযোগ পান। বাকি ৩০ সদস্য মঙ্গলবার জেরা করার সুযোগ পাবেন। বিচার কাজে বিডিআর মহাপরিচালককে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল করিম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. খসরুজ্জামান। এছাড়া আদালতকে সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি শাহিদুর রহমান ও মোশারফ হোসেন কাজল। গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ৭ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় গত বছর সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি মামলা হয়। এ মামলায় প্রথম দফায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিশেষ আদালতে বিদ্রোহ মামলার বিচার কাজ শুরু হয়। পরদিন গ্রেপ্তার বিডিআর সদস্যদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। গত নভেম্বরে রাঙামাটিতে নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে সারা দেশে বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিআর বিদ্রোহের বিচারে ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/ডিডি/এমএসবি/২০৫৫ ঘ.