২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহের মুুলতবি বিচার শুরু

পিলখানার বিদ্রোহীদের সঙ্গে সাতক্ষীরায় যে সব জওয়ান একাত্মতা প্রকাশ করেছিলো তাদের বিচার সোমবার সকালে আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 05:43 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

সাতক্ষীরা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানার বিদ্রোহীদের সঙ্গে সাতক্ষীরায় যে সব জওয়ান একাত্মতা প্রকাশ করেছিলো তাদের বিচার সোমবার সকালে আবার শুরু হয়েছে। ৪১ দিন মুলতবি থাকার পর সকাল ১০টায় সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকায় ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে আসেন বলে ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এদিন সাতক্ষীরার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা রয়েছে। সাতক্ষীরা কারাগারে থাকা এ বিডিআর সদস্যদের সোমবার আদালতে হাজির করা হয়েছে। বিডিআর মহাপরিচালক বিচার কাজ পরিচালনা করছেন। তাকে সহায়তা করছেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল কবির। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খসরুজ্জামান। এছাড়া আদালতকে সহায়তা করছেন বিশেষ সরকারি কৌঁসুলি শাহিদুর রহমান ও মোশারফ হোসেন কাজল। গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ৭ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় গত বছর সাতক্ষীরার শ্যাননগর থানায় একটি মামলা হয়। এ মামলায় প্রথম দফায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিশেষ আদালতে বিদ্রোহ মামলার বিচার কাজ শুরু হয়। পরদিন গ্রেপ্তার বিডিআর সদস্যদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। প্রসিকিউটর নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম ৬০ বিডিআর সদস্যদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃংখলা ভঙ্গ, ভাংচুর, লুটপাটসহ একাধিক ঘটনায় বিদ্রোহের অভিযোগ আনেন। এরপর ১৮ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবিু করা হয়। গত নভেম্বরে রাঙামাটিতে নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে সারা দেশে বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিআর বিদ্রোহের বিচারে ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১৩৭ ঘ.