ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলার তদন্ত কবে শেষ হবে, তা এখন আর সুনির্দিষ্ট করে বলতে চাইছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
এতদিন তিনি বলে আসছিলেন, ডিসেম্বরেই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
ওই সময় অতিক্রান্ত হওয়ার পর সাহারা খাতুন শনিবার সাংবাদিকদের বলেন, "একবার বলে ঠকেছি। তদন্ত সময়ের ব্যাপার, শেষ মুহূর্তে অনেক সময় লেগে যায়। সুনির্দিষ্ট তারিখ এখন আগেভাগে আর বলা যাবে না।"
গত বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় জওয়ানদের বিদ্রোহের সময় বিডিআর মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।
ওই ঘটনায় বিদ্রোহের বিচার বিডিআর আইনে বিডিআর আদালতে ইতিমধ্যে শুরু হয়েছে। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে। ওই মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের হুমকির প্রতিক্রিয়া কী- সাংবাদিকরা জানতে চাইলে সাহারা বলেন, "তা ভালোভাবে সামলানো হবে।"
খালেদা শুক্রবার ছাত্রদলের সমাবেশে বলেন, ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি সাক্ষর বা টিপাইমুখ বাঁধ নির্মাণে সরকার সম্মতি দিলে বিএনপি আন্দোলনে নামবে।
পিলখানায় বিডিআর সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন শিক্ষকদের উদ্দেশে বলেন, "আপনার কোমলমতি শিশুদের এদেশের সঠিক ইতিহাস শেখান। মিথ্যা ইতিহাস যেন তাদের শেখানো না হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন। আর বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে পারলে বাংলার ইতিহাস অনেকটাই শেখা হয়ে যাবে।"
বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে- এ দাবি করে মন্ত্রী বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি, তা বলা যাবে না। তবে অনেকটাই নিয়ন্ত্রণে।"
বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে তা করা হয়েছিলো। প্রধানমন্ত্রী বিচক্ষণতার কারণে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বলেন, "বিডিআর শুধু সীমান্ত পাহারা দেয় না। তারা অনেক জনকল্যাণমূলক কাজ করে থাকে। স্কুল তার মধ্যে অন্যতম।"
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম জানান, পিলখানায় বর্তমানে চারটি স্কুল রয়েছে। এসব বিডিআরের সন্তানদের জন্য করা হলেও বর্তমানে এগুলোর ৮০ ভাগ শিক্ষার্থী বাইরের।
বিদ্রোহের প্রসঙ্গ ধরে তিনি বলেন, "সেদিন একঝাঁক বিদ্রোহী গোটা পিলখানা দখল করে রেখেছিলো। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানার ভেতরে এসেছিলেন। অস্ত্রধারীরা যদি একটি ট্রিগার টিপতো, তাহলে আজ ইতিহাস অন্যরকম হতো।"
অনুষ্ঠানে পিলখানায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24