২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলা: তোরাব আলী, সাত বিডিআর সদস্য ২ দিনের রিমান্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ঢাকা সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি তোরাব আলী এবং ৭ বিডিআর সদস্যকে দুইদিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ঢাকা সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি তোরাব আলী এবং ৭ বিডিআর সদস্যকে দুইদিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি হেফাজতে পাঠানো সাত বিডিআর সদস্য হলেন- সিপাহি মজিবুর রহমান, সিপাহি রেজাউল করিম, নায়েক শরিফুল ইসলাম, হাবিলদার বাদল মিয়া, ল্যান্স নায়েক মুজিবুর রহমান, হাবিলদার আ. লতিফ, ল্যান্স নায়েক শাহাবুদ্দিন। রিমান্ড আবেদনে বলা হয়, এই সাত বিডিআর সদস্যের সঙ্গে তোরাব আলীকে মুখোমুখি করা এবং অন্যান্য প্রাপ্ত তথ্য যাচাই করার জন্য তোরাব আলীকে সিআইডি হেফাজতে নেওয়া প্রয়োজন। তোরাব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য চার এবং বিডিআর সদস্যদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। সংশ্লিষ্ট কোর্ট পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা ও উপ পরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে তোরাব আলীকে এ মামলায় পৃথক দুই দফায় মোট আট দিন রিমান্ডে নেওয়া হয়। পিলখানা হত্যাযজ্ঞ মামলায় এ পর্যন্ত ১৯৮৯ বিডিআর সদস্যকে এবং বিডিআর নন এমন ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮৪০ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ৪২৩ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২১৩৬ ঘ.