ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক বিডিআর সদস্য বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন। ওই বিডিআর সদস্যের নাম হাবিলদার আমিনুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক হাবিলদার আমজাদ হোসেন (৪৫) মারা যান।
বৃহস্পতিবার রাতে বিডিআর সদর দপ্তরের মেজর মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিলদার আমিনুল এনসিও সিলেট সেক্টরের অধীনে ৩৮ রাইফেল ব্যাটালিয়নের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এতে আরও বলা হয়, তিনি গত ২০ আগস্ট থেকে বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৬ সেপ্টেম্বর তাকে ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিলদার আমিনুলের বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুর আগে তিনি ওই সংস্থায় ২৫ বছর ১১ মাস ছয়দিন চাকরি করেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার যমুনা খন্দকার পাড়া গ্রামে।
তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তার পরিবারকে যাবতীয় আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এতে জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে মারা যান কুমিল্লা সেক্টরের অধীনে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের হাবিলদার আমজাদ হোসেন (৪৫)। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে বিডিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/০০১৩
bdnews24