ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত বিচার আদালতে পিলখানা ঘটনার বিচার করার সিদ্ধান্ত নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য নাকচ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশে খোন্দকার দেলোয়ার এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আদালতে করা হবে। এখানে শুধু সময় নির্দিষ্ট করা আছে। অন্যান্য আদালতের মতোই এখানেও বিচার প্রক্রিয়া একই।"
তিনি আরও বলেন, "এ আইনটি বিএনপি'র সময় করা হয়েছে। এ আইনে অনেক বিচারও হয়েছে। বিএনপি মহাসচিব এখন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।"
মন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিচার সেনা আইনে করার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিডিআর আইন সংশোধন করেও যদি বিচার করা সম্ভব হয়, সেজন্য বিডিআর আইনও সংশোধন করার চিন্তা-ভাবনা করছে সরকার।
বিডিআর'র শৃঙ্খলা রক্ষার জন্য বিচারটা জরুরি মন্তব্য করে তিনি বলেন, বিডিআর একটি (ডিসিপ্লিনারি ফোর্স)। এ বাহিনীর শৃঙ্খলা রক্ষার জন্য বিচারটা জরুরি।
বুধবার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, বিডিআর বিদ্রোহের বিচার রাজনৈতিক বিবেচনায় করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।
এর আগে মঙ্গলবার তিনি বলেন, দ্রুত বিচার আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে না।
গত ১৫ সেপ্টেম্বর বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় সরকার।
গত ১০ সেপ্টেম্বর সেনা আইনে বিডিআর বিদ্রোহের সম্ভব নয় বলে সুপ্রিম কোর্ট মত দেয়। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার মতামত পাঠায় সুপ্রিম কোর্ট।
১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কার্যালয় থেকে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৬২৭ ঘ.
bdnews24