ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আল আমিন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
মঙ্গলবার তার জামিননামা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়।
এতে দেখা যায়, গত ২৩ আগস্ট বিচারপতি এ এফ এম আব্দুর রহমান এবং এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ আল আমিনের জামিন আবেদন মঞ্জুর করেছে।
পিলখানা হত্যা মামলায় কোনও অভিযুক্তের এটাই প্রথম জামিন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আল আমিনের আইনজীবী মো. আব্দুল হান্নান।
বিকালে ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহ্সানুল হক ৫০ হাজার টাকার মুচলেকায় আল আমিনের জামিননামা গ্রহণ করেন।
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়।
গত ১০ মে আল আমিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডের পরপরই আল আমিনের বন্ধু বিডিআর সিপাই রবিউল ইসলাম আত্মসমর্পণের সময় আল আমিনকে একটি মোবাইল সেট দিয়ে যায়। পরে পুলিশের অনুসন্ধানে ধরা পড়ে, ওই মোবাইল সেটটি সেনা বাহিনীর মেজর রেজাউল ইসলামের, যা বিদ্রোহের সময় লুণ্ঠিত হয়।
আল আমিনের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ফকিরপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24