২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত সোমবার

বিডিআর বিদ্রোহের বিচার কোন আইনে ও কীভাবে করা যায়, তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত পাওয়ার পর এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সোমবার এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। ওই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার কোন আইনে ও কীভাবে করা যায়, তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত পাওয়ার পর এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সোমবার এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। ওই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। 'বিডিআর রেফারেন্স' নিয়ে সুপ্রিম কোর্টের মতামত রাষ্ট্রপতির কার্যালয় থেকে রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রী জানান, সেনা আইনে বিডিআর বিদ্রোহের সম্ভব নয় বলে সুপ্রিম কোর্ট মত দিয়েছে। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার মতামত পাঠায় সুপ্রিম কোর্ট। শফিক আহমেদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সেনা আইনে বিডিআর বিদ্রোহের বিচার সম্ভব নয় বলে সুপ্রিম কোর্ট 'না' সূচক মতামত দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোন আইনে বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শেষ করা যায়, সে বিষয় (নির্ধারণে) আগামীকালের (সোমবার) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।" সোমবার আইন মন্ত্রণালয়ে ওই আন্তঃমন্ত্রণালয় সভা হবে। আইনমন্ত্রী বলেন, "যে আইনেই বিডিআর বিদ্রোহের বিচার হোক না কেন বিচার প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও দ্রুত হয় সে ব্যবস্থাই করা হবে।" সুপ্রিম কোর্ট মতামতের পাশাপাশি বিচারের জন্য কিছু দিক নির্দেশনাও দিয়েছে জানিয়ে তিনি বলেন, "তারই ভিত্তিতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।" গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এর বিচার প্রক্রিয়া নিয়ে গত ২৭ জুলাই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়। এতে আরও জানতে চাওয়া হয়েছে, যদি সেনা আইনে না করা যায়, সে ক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা। রেফারেন্সের শুনানিতে সহায়তার জন্য আদালত 'আদালত বন্ধু' হিসেবে ১০ সিনিয়র আইনজীবীর পরামর্শ শোনে। এরা হলেন- ড. কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, টি এইচ খান, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন। এর মধ্যে অধিকাংশই বলেন, প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে ফেব্র"য়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৩২০ ঘ.