২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে না করার মত

বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা সম্ভব নয় বলে রাষ্ট্রপতির কাছে মতামত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নিবন্ধক (রেজিস্ট্রার) শওকত হোসেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মতামত রাষ্ট্রপতির কাছে দিয়ে আসেন। আদালতের মতামত সম্পর্কে প্রকাশ্য কিছু জানা না গেলেও একটি সরকারি সূত্রের বক্তব্য থেকে আভাস পাওয়া গেছে, বিচার সেনা আইনে করা না করার পক্ষে মত দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা সম্ভব নয় বলে রাষ্ট্রপতির কাছে মতামত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নিবন্ধক (রেজিস্ট্রার) শওকত হোসেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মতামত রাষ্ট্রপতির কাছে দিয়ে আসেন। আদালতের মতামত সম্পর্কে প্রকাশ্য কিছু জানা না গেলেও একটি সরকারি সূত্রের বক্তব্য থেকে আভাস পাওয়া গেছে, বিচার সেনা আইনে করা না করার পক্ষে মত দিয়েছে সর্বোচ্চ আদালত। এ রেফারেন্সের শুনানিতে আদালত বন্ধু হিসেব নিয়োগ পাওয়া সিনিয়র আইনজীবীদের অধিকাংশই বলেছিলেন, সেনা আইনে ওই বিচার করা সম্ভব নয়। নাম প্রকাশ না করার শর্তে উচ্চ পদস্থ এক সরকারি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেফারেন্সটিতে পাঠানো দু'টি প্রশ্নের ব্যাপারে আপিল বিভাগের ১১ জন বিচারপতিই না সূচক মতামত দিয়েছেন। তাদের মধ্যে দু'জনের অতিরিক্ত পর্যবেক্ষণও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।" এর আগে শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পৌনে ১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে মতামত সংক্রান্ত ফাইল হস্তান্তর করেছি।" সুপ্রিম কোর্ট কী মতামত দিয়েছে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এটি সিলগালা করা ছিল। ফাইলে কনটেন্ট (বিষয়বস্তু) কী, তা বলতে পারব না।" এদিকে রেফারেন্সে আদালতের মতামতের বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সুপ্রিম কোর্ট যে মতামতই দিক না কেন, তার প্রতি সবার শ্রদ্ধা রাখতে হবে। এটি সর্বোচ্চ আদালত। এর মতামত নিয়ে কোনও প্রশ্ন তোলা উচিত হবে না।" রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়। এতে আরও জানতে চাওয়া হয়েছে, যদি সেনা আইনে না করা যায়, সে ক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা। রেফারেন্সের শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে। তারা হলেন- কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, টি এইচ খান, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন। এর মধ্যে মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি বিদেশে থাকায় তাদের পক্ষে লিখিত বক্তব্য নেয় আদালত। ড. কামাল বলেছিলেন, গত ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা যাবে না। একই কথা জানিয়ে এ বিচার একটি ট্রাইব্যুনালে করার প্রস্তাব দিয়েছিলেন আমীর উল ইসলাম। মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক বলেছিলেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত কথা বলেছিলেন টি এইচ খান, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম ও মেসবাহউদ্দিন।। রোকনউদ্দিন মাহমুদ ও হাসান আরিফ বলেছিলেন, রেফারেন্সটি ফেরত পাঠানো যেতে পারে। গত ২৫ আগস্ট রেফারেন্সের শুনানি শুরু হয়। শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/জিএনএ/১৬০০ ঘ.