ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ পরিদর্শন করে আসা সংসদীয় প্রতিনিধিদলের প্রতিবেদন সংসদে পেশের জন্য স্পিকারের প্রতি দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
সোমবার পয়েন্ট অব অর্ডারে দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।
ফজলুল আজিম বলেন,"সংসদীয় প্রতিনিধি দল টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শন শেষে প্রতিবেদন দিয়েছেন। এই প্রতিবেদনটি মাননীয় প্রধানমন্ত্রী ও আপনাকে দেওয়া হয়েছে। এটি সংসদে পেশের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।''
এ সময় স্পিকার আবদুল হামিদ জানান, সংসদীয় প্রতিনিধি দলের কোনো প্রতিবেদন এখনো আমার কাছে এসে পৌঁছায়নি।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাকের নেতৃত্বে ১০ সদস্যের ওই প্রতিনিধি দলে ফজলুল আজিমও ছিলেন।
গত জুলাই মাসের শেষ দিকে টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যায় সংসদীয় প্রতিনিধি দল।
এছাড়া সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা কমিটির কর্মসূচির ওপর পুলিশি হামলার নিন্দা জানান। একই সঙ্গে সমুদ্রে গ্যাস উত্তোলনের জন্য বিদেশী কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের জন্যও প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এইচএ/১৩২০ ঘ.
bdnews24