ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডিআর রেফারেন্সের ওপর আপিল বিভাগে শুনানি অব্যাহত রয়েছে।
বুধবার দুপুর দুইটা ২০ মিনিটে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পঞ্চম দিনের শুনানি গ্রহণ শেষ করে।
এদিন এমিকাস কিউরিয়া ড. কামাল হোসেন ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। এছাড়া অপর দুই অ্যামিকাস কিউরিয়া মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি এর লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। তারা দুজনই বিদেশে রয়েছেন।
অ্যমিকাস কিউরিয়া এ এফ হাসান আরিফ তার বক্তব্য দেওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি তার অবশিষ্ট বক্তব্য দেবেন।
সকালে অ্যামিকাস কিউরিয়া ড. কামাল হোসেন শুনানি শেষ করেন। তিনি শুনানিতে বলেন, যারা বিডিআর হত্যাকান্ডের ঘটনায় সরাসরি যুক্ত এবং সরাসরি যুক্ত নয় তদন্তকালে তাদের পৃথক করতে হবে। দোষীদের শাস্তি চাই। নির্দোষ যারা তারা যেন শাস্তি না পায়। এটাই আইনের বিধান।
ড. কামাল আদালতের নজির তুলে ধরে বলেন, প্রজ্ঞাপন জারি করে ভূতাপেক্ষ কার্যকরিতা দিয়ে সেনা আইনে বিডিআর সদস্যদের বিচার করা যায় না।
এরপর অ্যামিকাস কিউরিয়া মাহমুদুল ইসলামের পক্ষে তার লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন প্রবীর নিয়োগী।
মাহমুদুল ইসলামের লিখিত বক্তব্যে ভারতের উচ্চ আদালতের নজির তুলে ধরে বলা হয়, সেখানে ঘটনা ও আইনের প্রশ্ন দেখা দিলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠাতে পারেন। এখানে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স পাঠিয়েছেন।
তার লিখিত বক্তব্যে আরও বলা হয়, সেনা আইনে বিচার করা যাবে কি না এটাই এখানে বিচার্য বিষয়। সেনা আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যা তুলে ধরে বলা হয়, এ আইন অনুযায়ী বিডিআর সদস্যদের বিচার সম্ভব নয়। এ আইনের ৫ ধারা অনুযায়ী গত ফেব্র"য়ারির ঘটনায় সেনা আইনে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যায় না।
এরপর ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিডিআরের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে এবং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধেও এত অধিক সংখ্যক সেনা কর্মকর্তা নিহত হয়নি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিনি বলেন, পিলখানার ঘটনায় ফৌজদারি কার্যবিধির অধীনে মামলা হয়েছে। এ মামলার তদন্ত চলছে। অভিযোগ পত্র দেওয়া হবে। দায়রা আদালত তা গ্রহণ করতে পারে। অভিযোগ গঠন হতে পারে। আদালত যদি এই রেফারেন্সের জবাব দেয় তাহলে তদন্তের হাত বেধে দেওয়া হবে।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ভারত ও পাকিস্তানের উচ্চ আদালতের বিভিন্ন নজির উপস্থাপন করে বলেন, রেফারেন্সটি ফেরত পাঠানো যেতে পারে।
এরপর আজমালুল হোসেন কিউসির পক্ষে তার লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান।
আজমালুল হোসেন তার লিখিত বক্তব্যে সেনা আইন ও বিডিআর আইনের ব্যাখ্যা দিয়ে বলেন, বিডিআর সদস্যদের ক্ষেত্রে সেনা আইন প্রযোজ্য নয়। তাছাড়া এক্ষেত্রে ক্ষতিগ্রস্থরা হলেন সেনা কর্মকর্তা। তারাই আবার বিচার করলে ন্যয়বিচার নাও যেতে পারে। আর প্রজ্ঞাপন জারি করে সেনা আইন প্রয়োগ করা যায় কেবল প্রজ্ঞাপন জারির পরের ঘটনার ক্ষেত্রে। আগের ঘটনায় পরে প্রজ্ঞাপন জারি করে এ আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যায় না।
এরপর অ্যামিকাস কিউরিয়া এএফ হাসান আরিফ তার বক্তব্য শুরু করেন। তিনি তার লিখিত বক্তব্য ও বিভিন্ন দেশের উচ্চ আদালতের নজির আদালতে উপস্থাপন করেন। হাসান আরিফ বৃহস্পতিবার বক্তব্য রাখবেন।
১০ এমিকি কিউরিয়ার মধ্যে এ এফ এম মেসবাহউদ্দিনের বক্তব্য এখনও বাকি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯১৩ ঘ.
bdnews24