ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর রেফারেন্সের পঞ্চম দিনের শুনানিতে বুধবার বক্তব্য দিয়েছেন অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
এছাড়া এদিন অপর দুই অ্যামিকাস কিউরিয়া মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি এর লিখিত বক্তব্য আদালতে দেওয়া হয়। তারা দুজনই বিদেশে রয়েছেন।
অ্যামিকাস কিউরিয়া এ এফ হাসান আরিফ বুধবার দুপুরে তার বক্তব্য শুরু করেন। তবে তার বক্তব্যের মধ্যেই দুপুর ২টার সময় বুধবারের শুনানি শেষ হয়। বৃহস্পতিবার তিনি তার অবশিষ্ট বক্তব্য দেবেন।
সকালে অ্যামিকাস কিউরিয়া ড. কামাল হোসেন শুনানি শেষ করেন।
মাহমুদুলের পক্ষে অ্যাডভোকেট প্রবীর নিয়োগী এবং আজমালুলের পক্ষে ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান তাদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল সোয়া ১০টার দিকে শুনানি শুরু হয়।
১০ এমিচি কিউরিয়ার মধ্যে এ এফ এম মেসবাহউদ্দিনের বক্তব্যও বাকি রয়েছে।
ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন- টি এইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, আমীর উল ইসলাম।
কামাল হোসেন মনে করেন, গত ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা যাবে না। একই কথা জানিয়ে এ বিচার একটি ট্রাইব্যুনালে করার প্রস্তাব দিয়েছেন অপর অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম।
মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক বলেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত কথা বলেন টি এইচ খান।
গত ২৫ আগস্ট রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানি শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন।
শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24