ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর রেফারেন্সের পঞ্চম দিনের শুনানি বুধবার সকালে শুরু হয়েছে।
আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল সোয়া ১০টার দিকে শুরু হওয়া এ শুনানিতে মতামত দিচ্ছেন অ্যামিকাস কিউরিয়া ড. কামাল হোসেন। তিনি মঙ্গলবার বক্তব্য শুরু করেন।
কামাল হোসেন মনে করেন, গত ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা যাবে না। একই মত প্রকাশ করে এ বিচার একটি ট্রাইব্যুনালে করার প্রস্তাব দিয়েছেন অপর অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম।
এর আগে দুই অ্যামিকাস কিউরিয়া খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক বলেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত মত দেন টি এইচ খান।
রাষ্ট্রপতির রেফারেন্সের বিষয়ে মত জানাতে আদালতের সহায়তাকারী হিসেবে মোট ১০ জন আইনজীবীর মতামত নিচ্ছে আপিল বিভাগ।
গত ২৫ আগস্ট রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানি শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন।
অপর এমিচি কিউরিয়া মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিনও আদালতে তাদের মতামত জানাবেন।
শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24