কক্সবাজার, আগষ্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সপ্তাহেই বিডিআর পুনর্গঠন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি বলেন, "বিডিআর পুনর্গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। তার সুপারিশ নিয়ে আগামী সপ্তাহেই পুনর্গঠন কার্যক্রম শুরু করা হবে।"
রোববার বিকেলে কক্সবাজার শহরতলীর ঝিলংজায় ১৭ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিডিআর প্রধান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "মিয়ানমারের সঙ্গে আগের মতই সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের। তারা 'নো-ম্যানস ল্যান্ড' থেকে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। ওটা তাদের নিরাপত্তার জন্যই করেছে। এতে আমাদের কোন ক্ষতি নেই।"
বিডিআর মহাপরিচালক রোববার বিকেল ৪টা ৪২ মিনিটে ১৭ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিডিআর'র পরিদর্শন বইয়ের স্বাক্ষর করার পর সাংবাদিকদের সঙ্গে মেজর জেনালের মইনুল কথা বলেন।
বিডিআর মহাপরিচালক বলেন, "আমি আগেও কক্সবাজার এসেছি। পিলখানার ঘটনার পর পুলিশের হেফাজতে থাকা এ ব্যাটালিয়নের অস্ত্র বিডিআর সদস্যরা ইতোমধ্যে বুঝে নিয়েছেন। নিজেদের অস্ত্র নিয়েই তারা আজ গার্ড অব অনার দিয়েছেন। এ উপলক্ষেই আমার আসা।"
তিনি জানান, সোমবার টেকনাফ যাবেন তিনি। সেখান থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের বলিবাজার বিডিআর সীমান্ত ফাঁড়ি (বিওপি) পরিদর্শনে যাবেন। পরে তিনি রাঙামাটির কাপ্তাই যাবেন।
১৭ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুল কবীর সাংবাদিকদের জানান, বিডিআর মহাপরিচালক বিকেল ৫টার দিকে দরবারে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24