ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিচি কিউরিয়াদের মতামতের তৃতীয় দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ দিন ধার্য করেন। (আরো তথ্যসহ)
এমিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম সকালে তার বক্তব্য উপস্থাপন শুরু করেন। তার বক্তব্য শেষ হয়নি। মঙ্গলবার তিনি আবার বক্তব্য দেবেন। তিনি বুধবার বক্তব্য শুরু করেন।
এদিকে এমিচি কিউরিয়ারা দুদিন ধরে কীভাবে বিচার করা যায় বা করা উচিত বললেও তাতে 'মতামত' বলতে চাননি ব্যারিস্টার আমীরুল ইসলাম।
বৃহস্পতিবারের শুনানির পর ব্যারিস্টার আমীর সাংবাদিকদের বলেন, "আমরা যারা এমিকাস কিউরিয়া হয়েছি তাদের মূল দায়িত্ব আদালতকে সহায়তা করা। আমরা মতামত দিচ্ছি না।"
তিনি বলেন, "এখানে প্রশ্ন হচ্ছে- সেনা আইনের ৫(১) ধারা প্রয়োগ করে বিডিআর সদস্যদের বিচার করা যায় কি না। আমরা বলেছি, অতীতের ঘটনার ওপর এটা চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
"প্রত্যেক সার্ভিসের আলাদা আইন আছে। একটি সার্ভিসের আইন অন্য সার্ভিসে প্রয়োগ করতে গেলে সমস্যা হয়।"
ব্যারিস্টার আমীর আরও বলেন, "সংবিধান ও আইনে যে বিধান আছে তা প্রয়োগ করতে হবে। সত্যকে উদ্ঘাটন করতে হবে। সুবিচার নিশ্চিত করা জরুরি। আমাদের এখানে যেসব বিদ্রোহের বিচার করা হয়েছে তাতে পেছনে কারা ছিল তা বের করা হয়নি।"
সেনা আইনের ৯৬ ধারা উল্লেখ করে তিনি বলেন, "বিদ্রোহের বিচার হলে অন্য অপরাধের বিচার হবে না। জিয়া হত্যার ঘটনায় বিদ্রোহের বিচার হয়েছে, কিন্তু হত্যার বিচার হয়নি।"
এর আগে তিন এমিচি কিউরিয়া টি এইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক তাদের মত তুলে ধরেন।
এর মধ্যে মাহবুবউদ্দিন ও রফিক উল হক বলেছেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত মত দেন টি এইচ খান।
অপর এমিচি কিউরিয়া কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিনও আদালতে তাদের অভিমত জানাবেন।
এ শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে।
রাষ্ট্রপতি জিল্লুুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর বিচারের বিষয়ে মত চেয়ে রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এর পর এ ঘটনার বিচার কোন আইনে হওয়া উচিত সে নিয়ে সংশ্লিষ্ট সবার মধ্যেই কিছুটা বিভ্রান্তি দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এজে/এমআই/২১৫৬ঘ.
bdnews24