ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কি না, সে মতামত চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার সকাল পৌনে ১০টার দিকে শুনানি শুরু হয়।
দ্বিতীয় দিনের শুনানিতে এমিকাস কিউরিয়া রফিক উল হক তার অবশিষ্ট বক্তব্য উপস্থাপন করছেন।
এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে রফিক উল হক বলেন, "রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে আইনগত মতামত চাইতে পারেন। কিন্তু এক্ষেত্রে আইনের প্রশ্ন আসে না। রাষ্ট্রপতি যেহেতু একটি রেফারেন্স পাঠিয়েছেন আদালত তাতে মতামত দিতে বাধ্য।"
বিভিন্ন সময়ে পাকিস্তান, ভারত, ও বাংলাদেশের রাষ্ট্রপতির পাঠানো বিভিন্ন রেফারেন্সের নজির তুলে ধরে তিনি বলেন, "১৯৯৫ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি এক রেফারেন্স পাঠিয়েছিলেন। ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্যদের আসন শূন্য হয় কিনা, সে বিষয়ক রেফারেন্স ছিল সেটি।
"ওই রেফারেন্সে যে ৬ জন এমিকাস কিউরিয়া ছিলেন, যার মধ্যে আমিসহ তিনজন জীবিত রয়েছে। বাকি দুজন হলেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ।"
ব্যারিস্টার হক বলেন, "রেফারেন্সের ওপর আপিল বিভাগ যে মতামত দেয় তা কোনও আদালত মানতে বাধ্য নয়। তবে ইদানীং প্রথা হচ্ছে, এ মতামত নিম্ন আদালত মানতে বাধ্য থাকে। তবে উচ্চ আদালতও এ মতামত উপেক্ষা করে না।"
মঙ্গলবার অপর এমিকাস কিউরিয়া টি এইচ খানও বক্তব্য রাখেন। তিনি বিডিআর সদস্যদের বিচার সেনা আইনে করা যায় না বলে মত প্রকাশ করেন।
মঙ্গলবার শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন।
এ শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরিয়া নিয়োগ করে।
অপর এমিকাস কিউরিয়ারা হলেন- কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে ব্যাপারে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/১০৩৬ ঘ.
bdnews24