২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'পিলখানা হত্যাযজ্ঞের বিচারের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামতের প্রয়োজন ছিল না'

বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার প্রক্রিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার প্রক্রিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ ব্রিফিঙে তিনি এই মন্তব্য করেন। মওদুদ বলেন, সুপ্রিম কোর্টের মতামতের পর ওই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় কোনো নিরপরাধ ব্যক্তি সুবিচারের জন্য এই আদালতের শরণাপন্ন হলে বিচারকরা বিব্রতবোধ করতে পারেন। এক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিডিআরের ঘটনার বিচারকাজ ইচ্ছাকৃতভাবে সরকার বিলম্বিত করছে। সরকারের ভেতরের একটি গোষ্ঠী এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল বলেই এ বিলম্ব- দেশের মানুষ এমনটাই মনে করে। রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে সাবেক এই আইনমন্ত্রী বলেন, "বিডিআর হত্যাকান্ডের বিচারের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। যে ১০ জন এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয় আগেই তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারতেন। '' সুপ্রিম কোর্টের মতামতের পর আর কালক্ষেপণ না করে দ্রুত বিচারকাজ শুরু করারও দাবি জানান তিনি। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রেফারেন্সটির শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন। মওদুদ বলেন, মানুষের মনে প্রশ্ন জেগেছে- সুপ্রিম কোর্টের মতামত এতো দেরিতে কেন চাওয়া হলো। এ কাজটি ৬ মাস আগে কেন করা হয়নি। সেনাবাহিনী ও ঐতিহ্যবাহী বিডিআরকে দুর্বল করার জন্য যখন পিলখানায় এরকম নিমর্ম হত্যাযজ্ঞ চালানো হয়, তখন প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারকাজ শুরুরে ক্ষেত্রে সরকার কালক্ষেপণ করেছে। এটা আজ মানুষের কাছে স্পষ্ট। দেশের মানুষ জানতে চায়- কারা ওই ঘটনায় জড়িত ছিল, প্রকৃত হত্যাকারী কারা। নিরপরাধ মানুষজনকে জড়ানো হলে ওই বিচার প্রহসনে পরিণত হবে। সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার বিরোধিতার পক্ষে যুক্তি দেখিয়ে মওদুদ বলেন,'' সুপ্রিম কোর্ট যে মতামতই দিক না কেন তা আমাদের শিরোধার্য। তবে কোনো নিরাপরাধ ব্যক্তি বিচারের পর এই আদালতেরই দ্বারস্থ হবেন। তখন ওই বিচারপতিরা বিব্রতবোধ করতে পারেন। এক্ষেত্রে বিচারে জটিলতার সৃষ্টি হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বিডিআরের নাম, লোগো, ইউনিফর্ম ও পতাকা পরিবর্তনের বিরোধিতা করে বলেন,''বিডিআর ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। একটি ঘটনার জন্য ওই প্রতিষ্ঠানের নাম ও ইউনিফর্ম পরিবর্তন হতে পারে না।" বিডিআর পুনর্গঠনের বিষয়ে সংসদে বিরোধী দলকে আস্থায় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদর দপ্তরে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা। ঘটনার পর রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই হাজারেরও বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৩ ঘ.