ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কিনা তার মতামত চেয়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানিতে আদালতকে সহায়তার জন্য বুধবার ১০ জন এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সকালে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রেফারেন্সটির শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন।
এমিকাস কিউরিরা হলেন- ড. কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, টি এইচ খান, আমীর উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ এবং এ এস এম মেসবাউদ্দিন।
রফিক উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে হবে কিনা এবং প্রজ্ঞাপন জারি করে কিনা -রেফারেন্সে দুটি প্রশ্নের বিষয়ে মতামত চাওয়া হয়েছে।"
তিনি বলেন, "সংবিধানের ১০৬ অনচ্ছেদ অনুযায়ী এই রেফারেন্স পাঠানো হয়েছে।"
রেফারেন্সের বিষয়ে ব্যক্তিগত মতামত কী জানতে চাইলে রফিক উল হক বলেন, "রেফারেন্স পাঠানো ঠিক হয়নি। সরকারের নিজেরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।"
এমিকাস কিউরি খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, "বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে বিষয়টি তাৎক্ষণিকভাবে বলা যায় না। এটা একটি জটিল বিষয়। বিষয়টিতে অভিমত দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। আদালতের বন্ধু হিসেবে সহায়তা করা এমিকাস কিউরিদের কাজ। আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "এমিকাস কিউরিরা ২৫ আগস্ট শুনানিতে তাদের অভিমত জানাবেন।"
জনগুরুত্ব বিবেচনায় সরকার রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগে রেফারেন্সটি পাঠিয়েছে বলে জানান তিনি।
সকালে শুনানির তারিখ ধার্যের পর অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৫ আগস্ট আদালত রেফোরেন্সটির ওপর শুনানির দিন ধার্য করেছে।"
তিনি আরও বলেন, "শরৎকালীন ছুটির মধ্যে রেফারেন্সটির শুনানির জন্য আমি আবেদন করেছিলাম। আদালত বিষয়টির ওপর গুরুত্বারোপ করে এ ছুটির আগেই শুনানির তারিখ ধার্য করেছেন।"
আগামী ১ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টে মাসব্যাপী শরৎকালীন ছুটি শুরু হচ্ছে।
শরৎকালীন ছুটির মধ্যে রেফারেন্সটির শুনানি চলবে কিনা জানতে চাইলে মাহবুবে আলম জানান, "তা আদালতই নির্ধারণ করবেন।"
তারিখ নির্ধারণের শুনানিতে মাহবুবে আলম বলেন, "রেফারেন্স শুনানির জন্য এমিকাস কিউরি নিয়োগ করা হয়। তাদেরকে শুনানির প্রস্তুতির জন্য সাধারণত ১০দিন সময় দেওয়া হয়। তবে এ বিষয়টি জরুরি। তাই এর ওপর তাড়াতাড়ি শুনানি হওয়া উচিত। সুপ্রিমকোর্টের শরৎকালীন ছুটির প্রথমভাগেই রেফারেন্সটির ওপর শুনানি হতে পারে।"
এ সময় আদালত বলে, "আমরা আমাদের (বিচারপতিদের) সমস্যার বিষয়ে ছাড় দিতে পারি। কিন্তু যাদের এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হবে তাদের অবকাশে নাও পাওয়া যেতে পারে। এছাড়া আমাদের মধ্যে কেউ কেউ ছুটিতে যেতে পারেন। তারপরও আমরা প্রস্তুত রয়েছি।"
অ্যাটর্নি জেনারেল বলেন, "কোনও এমিকাস কিউরি আদালতে উপস্থিত না থাকলেও তাদেরকে লিখিত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতে পারি। তাদের লিখিত বক্তব্য আমি আদালতে দাখিল করতে পারি।"
এসময় আদালত এমিকাস কিউরিদের সুবিধা সাপেক্ষে রেফারেন্সটির শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন দার্য করে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
রেফারেন্সে জানতে চাওয়া হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা। যদি না যায় সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুিপ্রম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
কোন আইনে এ ঘটনার বিচার হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদর দপ্তরে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা।
ঘটনার পর রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই হাজারেরও বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/আরএ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24