ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কিনা সে বিষয়ে মতামত চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের বিষয়ে সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে বুধবার।
কিভাবে এ রেফারেন্সটির নিষ্পত্তি হবে সে বিষয়ে ওই দিনই দিক-নির্দেশনা দিতে পারে আদালত। এ জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বুধবার সকাল নয়টায় আপিল বিভাগে উপস্থিত থাকার জন্য প্রধান বিচারপতি চিঠি দিয়েছেন।
মঙ্গলবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
শওকত বলেন, "রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পাঠানো রেফারেন্সটি আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বুধবার সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে উপস্থিত থাকার জন্য প্রধান বিচারপতি চিঠি দিয়েছেন।
"আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রেফারেন্সটি উপস্থাপন করা হবে। কোন প্রক্রিয়ায় এটির নিষ্পত্তি হবে ওই বিষয়েও দিক-নির্দেশনা দেবে আদালত।"
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চিঠির একটি কপি দেখিয়ে বলেন, "আমি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। প্রধান বিচারপতির নির্দেশে পাঠানো ওই চিঠিতে বুধবার সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে উপস্থিত হতে বলা হয়েছে।
"সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পাঠানো এ রেফারেন্সটির নিষ্পত্তি কীভাবে হবে আদালত সে বিষয়ে কর্মপদ্ধতি নির্ধারণ করবেন। "
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "এ রেফারেন্সে কোন কোন আইনজীবী এমিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) থাকবেন তাও নির্ধারণ করা হবে। আদালত তাদের নাম ঠিক করবেন। রেফারেন্সের ওপর শুনানির দিনও নির্ধারণ করবেন। এমিকাস কিউরিদের আদালত রেফারেন্সের অনুলিপি দেবেন। তাদের বক্তব্য শুনে আদালত মতামত দিবেন।"
আপিল বিভাগের ১১ জন বিচারপতির সবাই এ রেফারেন্সটির ওপর শুনানি গ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন,"আপিল বিভাগের সকল বিচারপতি উপস্থিত থাকলে তারা সবাই শুনানি গ্রহণ করবেন। না থাকলে বেশিরভাগ বিচারপতিকে নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির শুনানি হবে।"
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে রেফারেন্সের বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, "দু'দিন ঢাকার বাইরে থেকে ফিরে এসে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছি। তবে রেফারেন্সটি নিয়েও তার সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে অবশ্য আদালতে বক্তব্য রাখব।"
রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সে জানতে চাওয়া হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা। যদি না যায় সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোন আইনে এর বিচার হবে সে বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের মতামত চাইবেন।
কোন আইনে এ ঘটনার বিচার হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সুপ্রীম কোর্টে রেফারেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর সদস্যদের বিদ্রোহের সময় তাদের হাতে ৫৭ জন সেনা কর্মকর্তা ও একজন সৈনিক নিহত হন। ওই ঘটনায় বেসামরিক লোক ও বিডিআর সদস্যসহ প্রাণ হারান ৭২ জন।
ঘটনার পর রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ পর্যন্ত ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই হাজারেরও বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসএইচ/এমআই/এইচএ/১৮২৩ ঘ.
bdnews24