ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর হত্যাকাণ্ড এবং বিদ্রোহের পর সোমবার পিলখানার দরবার হলে প্রথম দরবার হতে যাচ্ছে।
বিডিআর সদর দপ্তর পিলখানার দরবার হলেই ২৫-২৬ ফেব্রুয়ারির রক্তক্ষয়ী বিদ্রোহের সূচনা হয়েছিল।
ওই রক্তক্ষয়ী ঘটনার পর ঢাকায় বিডিআর এর একটি দরবার হলেও তা হয়েছে পিলখানার প্যারেড গ্রাউন্ডে।
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ফেব্রুয়ারি মাসের বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের পর দরবার হলে প্রথমবারের মতো এ দরবার হতে যাচ্ছে। ঢাকার বিডিআর সদস্যরা এতে অংশ নেবেন।
মেজর জেনারেল মইনুল ইসলাম উল্লেখ করেন, বিদ্রোহের পর এটা হবে দরবার হলে সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সাংগঠনিক কর্মকাণ্ড। এর আগে সেখানে সেনা এবং বিডিআর সদস্যদের নিয়ে একটি সামাজিক এবং শবেবরাতের আগের দিনে মিলাদ মাহফিল হয়েছে।
বিডিআরের মহাপরিচালক বলেন, পিলখানা পরিস্থিতি এখন স্বাভাবিক। ইতিমধ্যে ১৫ জন কর্মকর্তা তাদের পরিবার নিয়ে বসবাস শুরু করেছেন।
আধা সামরিক বাহিনী বিডিআর এর কর্মকর্তারা প্রায় সবাই সেনাবাহিনী থেকে নিয়োগ পান।
পিলখানায় প্রায় দেড়শ' কর্মকর্তার সপরিবারে বসবাসের সুযোগ রয়েছে। নজিরবিহীন ওই বিদ্রোহের ঘটনার আগে এমন সংখ্যক কর্মকর্তাই তাদের পরিবার নিয়ে সেখানে থাকতেন।
মহাপরিচালক জানান, পিলখানায় কিছু ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে সব কর্মকর্তাই আবার পরিবার নিয়ে সেখানে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
"আমি নিজে পরিবার নিয়ে পিলখানায় থাকি। আশা করছি সব কর্মকর্তাই খুব অল্প সময়ের মধ্যে পিলখানায় থাকবেন," বলেন মেজর জেনারেল মইনুল।
বিডিআরে কর্মরত এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চাকরির সুবিধার জন্য তিনি পিলখানায় পরিবার নিয়ে থাকতে চান। কিন্তু পরিবারের অন্য সদস্যদের বাধার কারণে থাকতে পারছেন না। বিডিআরের অধিকাংশ কর্মকর্তা পরিবারের কারণেই পিলখানায় বসবাস থেকে বিরত রয়েছেন বলে জানান ঐ কর্মকর্তা।
বিডিআর সৈনিকদের দু'দিনব্যাপী বিদ্রোহে তাদের হাতে ৫৭ জন সেনা কর্মকর্তা ও একজন সৈনিক নিহত হন। বেসামরিক লোক ও বিডিআর সৈনিকসহ সেখানে মোট প্রাণ হারান ৭২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০০৮ঘ.
bdnews24