ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত চেয়ে রাষ্ট্রপতির মাধ্যমে প্রধান বিচারপতির অভিমত চাওয়া হবে।
সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "দ্রুততম সময়ে এবং সুষ্ঠুভাবে বিডিআরের নারকীয় হত্যাযজ্ঞের বিচার কীভাবে করা যায় সেই বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি দরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।"
রাষ্ট্রপতি যেকোনো বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারেন বলেও জানান আইনমন্ত্রী।
এ প্রক্রিয়ার কারণে বিচার কাজ প্রলম্বিত হবে কিনা- জানতে চাওয়া হলে শফিক আহমেদ 'না' সূচক জবাব দিয়ে বলেন, "... এতে বিচার প্রক্রিয়া দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আগামী সপ্তাহে প্রধান বিচারপতির কাছে এ দরখাস্ত করা হবে।"
আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আনিসুল হক, মোশাররফ হোসেন কাজল, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/এএল/এসকে/১৯১০ঘ.
bdnews24