ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা পশ্চিমবঙ্গে অনশনরত ৩৪৬ কথিত অবৈধ বাংলাদেশী অভিবাসীকে ফেরত নিতে বলেছেন।
ঢাকায় অনুষ্ঠানরত বিডিআর-বিএসএফ সংলাপে ভারতীয় পক্ষ সোমবার দাবি করেন, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আটক এসব লোক বাংলায় কথা বলে এবং নিজেদের বাংলাদেশী বলে দাবি করেছে।
এ ব্যাপারে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছি, বাংলাদেশী হিসেবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ করব না।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের মধ্যে ১৪৯ জন বাংলাদেশী বলে নিশ্চিত করেছে বলে জানান বিডিআর মহাপরিচালক।
তিনি বলেন, "তারা নিজেদের বাংলাদেশী বলে দাবি করে পশ্চিমবঙ্গে অনশন ধর্মঘট করছে।"
বিডিআর মহাপরিচালক জানান, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের উচিত তাদের ফিরিয়ে নেওয়া।
মইনুল ইসলাম বলেন, "রোহিঙ্গারাও বাংলায় কথা বলে এবং নিজেদের বাংলাদেশী বলে দাবি করে থাকে।
তিনি প্রশ্ন তোলেন, "বাংলাদেশী বলে দাবি করে অনশন ধর্মঘট করলেই কি বাংলাদেশী হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে?"
ভারতীয় কোস্টগার্ড সদস্যরা নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় অবৈধ অভিবাসী হিসেবে ওই লোকদের আটক করে। তারা এখন পশ্চিমবঙ্গের কারাগারে আছে।
গত রোববার ঢাকায় তিন দিনব্যাপী বিডিআর-বিএসএফ সম্মেলন শুরু হয়। সম্মেলনে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্যদিকে ভারতীয় পক্ষে ছিলেন বিএসএফ মহাপরিচালক এমএল কুমাওয়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24